আসন্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় দলের আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম অনুপস্থিত। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও, আপাতত এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটির সঙ্গে বিএনপি সমন্বয় করে নেবে।”
তিনি আরও জানান, দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।





