বুধবার (২২ অক্টোবর) কেরালার প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে বহনকারী হেলিকপ্টারটি হেলিপ্যাডের একাংশ ভেঙে যাওয়ায় বেসামাল হয়ে পড়েছিল। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। খবর দ্য হিন্দু।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টারটি প্রমাদম স্টেডিয়ামে নামার সময় নবনির্মিত হেলিপ্যাডের কংক্রিটের একটি অংশ হেলিকপ্টারের ভার সইতে না পেরে ধসে পড়ে। এতে হেলিকপ্টারটি একপাশে হেলে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর হেলিকপ্টারটিকে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিরাপদে আছেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।
স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে প্রমাদম স্টেডিয়ামকে হেলিকপ্টার অবতরণের জন্য বেছে নেওয়া হয়েছিল। মূলত পাম্বার নীলক্কালে অবতরণের পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। মঙ্গলবার গভীর রাতে জরুরি ভিত্তিতে হেলিপ্যাডটি তৈরি করা হয়েছিল।
ঘটনার কারণ ব্যাখ্যা করে ওই কর্মকর্তা বলেন, “হেলিপ্যাডের কংক্রিটটি পুরোপুরি জমাট বাঁধেনি। তাই হেলিকপ্টারটি অবতরণের সময় এর ওজন সহ্য করতে পারেনি এবং চাকা স্পর্শ করার স্থানে একটি গর্ত তৈরি হয়েছিল।”
প্রাথমিক তদন্তে নির্মাণ ত্রুটির বিষয়টি উঠে এলেও, রাষ্ট্রপতির সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তারা এবং উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।





