ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মঙ্গলবার (২১ অক্টোবর) পল্লবীর আলুব্দী এলাকায় নিজ উদ্যোগে আয়োজিত বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরেন এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “সমাজের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে – এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই, এই ভিন্নমতের সংস্কৃতিই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক।”
ভিন্নমতের প্রতি সমর্থন জানিয়ে আমিনুল হক বলেন, “যারা ভিন্নমত পোষণ করেন বা বিরোধী মতের সমর্থক, তাদের আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে কারও ওপর কোনো ধরনের জুলুম, নির্যাতন বা নিপীড়ন হবে না। কারণ, এই সমাজে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার আছে।”
অনুষ্ঠানে তিনি আলুব্দী গ্রামকে একটি আধুনিক আবাসিক এলাকায় রূপান্তরিত করার ঘোষণা দেন। তিনি বলেন, “আমি আজ থেকে আলুব্দীকে আর গ্রাম বলতে চাই না। আজ থেকে এটি ‘আলুব্দী আবাসিক এলাকা’। ভবিষ্যতে আল্লাহ আমাদের যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যে সব সুযোগ-সুবিধা থাকা দরকার, ইনশাআল্লাহ তা আলুব্দীতেও দেওয়া হবে।”
অনুষ্ঠানে এলাকার অসহায় ও প্রবীণ নাগরিকদের হাতে বয়স্ক ভাতা তুলে দিয়ে তিনি বলেন, “আজ যে বয়স্ক ভাতা দিচ্ছি, এটি আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি। কারণ, আমি আপনাদের সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে বয়স্ক ভাতা ও রেশন কার্ড প্রদান নিশ্চিত করা হবে।”
বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, “আমাদের সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের জন্যই। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে প্রবীণরা সম্মানিত হবেন, যুবসমাজ গর্বিত হবে, আর সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টুসহ স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী।





