শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে ২ লাখ টাকা ঋণ দিল প্রবাসী কল্যাণ ব্যাংক

মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে ২ লাখ টাকা ঋণ দিল প্রবাসী কল্যাণ ব্যাংক
ছবি : কালবেলা

এক লাখ টাকা ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সারোয়ার হোসেন রাব্বির বিদেশে যাওয়ার স্বপ্ন এবার পূরণ হচ্ছে। আগামী ৩০ অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। একটি জাতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাব্বি নিজেই।

এর আগে, ‘বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল’ শিরোনামে একটি জাতীয় গণমাধ্যমের অনলাইন ও মাল্টিমিডিয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়। মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা হাতে পেলেও এক লাখ টাকার অভাবে তার বিদেশ যাত্রা আটকে ছিল। বিভিন্ন জায়গায় আর্থিক সহায়তা চেয়ে ব্যর্থ হওয়ার পর একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করেন। এনজিও কর্মীরা প্রথমে টাকা দিতে রাজি হলেও, বাড়ি ঘুরে যাওয়ার পর রাব্বিকে ঋণ দিতে অস্বীকৃতি জানায়।

রাব্বির অভিযোগ, স্থানীয় কিছু লোকের বাধাদানের কারণেই এনজিও তাকে ঋণ দিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে তিনি এলাকাবাসীকে গালাগাল করেন। এরপর সেই ভিডিও রাব্বি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিষয়টি একটি জাতীয় গণমাধ্যমের নজরে এলে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে।

সারোয়ার হোসেন রাব্বি জানান, এর আগেও দুবার টাকার অভাবে তার বিদেশ যাওয়া ভেস্তে গেছে। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হতে চলেছিল। তিনি বলেন, “এক লাখ টাকার জন্য বহু মানুষের কাছে গিয়েছি, কিন্তু কেউ টাকা দেয়নি। এনজিওর লোকজন বাড়িতে এসেও টাকা দেবে বলে জানিয়েছিল, কিন্তু পরে তারা অস্বীকার করে। এরই মধ্যে সৌদি আরব যাওয়ার তারিখও ঘোষণা হয়ে যায়।”

তিনি আরও বলেন, “ভিসা হাতে পেয়েও যখন টাকার অনিশ্চয়তায় বিদেশ যেতে পারব না মনে হচ্ছিল, তখন আমার মাথা ঠিক কাজ করছিল না। রাগে মাইক ভাড়া করে গালাগাল করেছি। এবার যেতে না পারলে আমার সব শেষ হয়ে যেত। বিদেশ যাব বলে আমি ব্যবসা গুটিয়ে ফেলেছিলাম। আমি বিবাহিত, আমার স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে সংসার।”

সেই গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে রাব্বি বলেন, “একটি জাতীয় গণমাধ্যমকে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধির কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যদি আমার এই প্রতিবেদন প্রকাশ না করতেন, তাহলে হয়তো আমার বিদেশ যাওয়া আর হতো না। প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার পর সকল কাগজপত্র দাখিল করলে গত ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। সবার কাছে দোয়া চাই।”

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২ মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।”

সূত্র : কালবেলা

মন্তব্য করুন:

channel muskan ads