বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশিগানে বিমান বিধ্বস্ত: জঙ্গলে বিকট শব্দ, ধোঁয়ার কুণ্ডলী; নিহত সবাই 

মিশিগানে বিমান বিধ্বস্ত: জঙ্গলে বিকট শব্দ, ধোঁয়ার কুণ্ডলী; নিহত সবাই 
ছবিটি এআই দিয়ে বানানো

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিকট শব্দ ভেসে আসে এবং এর পরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরে জানা যায়, সেখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং এর আরোহী তিনজনই নিহত হয়েছেন।

দ্য ডেইলি বিস্ট শুক্রবার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপের ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ বিভাগ ল্যান্সিং থেকে ১০ মাইল উত্তরে বাথ টাউনশিপের একটি রাস্তার মোড়ের কাছের ঘটনাস্থলে পৌঁছায়। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, বিমানটিতে তিনজন যাত্রী ছিলেন এবং তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ এবং বিমানটির গন্তব্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, বিমানটির যাত্রা সবেমাত্র শুরু হয়েছিল। বিধ্বস্ত হওয়া বিমানটি ‘হকার ৮০০এক্সপি’ মডেলের ছিল, যা মেক্সিকোতে নিবন্ধিত একটি টুইন-ইঞ্জিন করপোরেট জেট হিসেবে গ্রাহকদের বিশেষ সেবা দিত। তবে, দুর্ঘটনার সময় কারা এর আরোহী ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ দ্বারা পরিচালিত হতো এবং ব্যাটল ক্রিক-ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তবে এই বিবরণগুলো এখনো কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ডেইলি বিস্ট আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে, তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানাবে। এই ঘটনা তদন্তে পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা কাজ করছে।

মন্তব্য করুন:

channel muskan ads