খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহা। বয়স সবে ১২৷ চোখমুখে তার বিশ্ব জয়ের আকাঙ্খা। সফলতা রয়েছে জাতীয় পর্যায়ে। খেলেছেন দেশের বাইরেও। তবে অর্থ সংকটের কারণে কাজাখস্তানে ফিদে মাস্টার্স খেলার স্বপ্নভঙ্গ হতে যাচ্ছিল এই খুদে দাবাড়ুর। টুর্নামেন্ট খেলতে যাওয়ার অর্থ জোগাড়ে হিমসিম খাচ্ছিলো পরিবার।
প্রতিভাবান এই দাবাড়ুর কাজাখস্তান সফর যখন শঙ্কার মুখে, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মুনতাহার সব ধরনের দায়িত্ব নেন আমিনুল হক। নারায়নগঞ্জে এসে মুনতাহার হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন তিনি। ভবিষ্যতে এই খুদে দাবাড়ুকে সকল ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন আমিনুল।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, ‘অর্থের যে অভাবে তার (সিদরাতুল মুনতাহা) কাজাখস্তানে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছিলো আমরা তার পাশে দাঁড়িয়েছি। এমন যারা অর্থের অভাবে নিজের প্রতিভাকে বিকাশ করতে পারছে না সেসকল খেলোয়াড়দের পাশে আমরা রয়েছি।’
আর্থিক সংকটের কথা জানালেও, ফেডারেশন থেকেও মেলেনি কোনো ইতিবাচক সাড়া। এতে প্রায় অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিলো মুনতাহার কাজাখস্তান সফর। তবে আমিনুল হকের উদ্যোগে নতুন করে স্বপ্ন বুনছেন এই খুদে দাবাড়ু।
সিদরাতুল মুনতাহা বলেন, ‘প্রথমে শোনার পর (অর্থের অভাব) খুবই হতাশ ছিলাম। আমি ভেবেছিলাম আমার যাওয়াটাই হবে না। আমি প্রতিদিন আল্লাহ’র কাছে দোয়া করতাম আমার এই স্বপ্নটা যেন পূরণ হয়। পরে আমি শুনতে পারি তারেক রহমান আঙ্কেল এবং আমিনুল আঙ্কেল আমাকে অনেক বড় একটা স্পন্সর দিয়েছে।’
এদিকে মেয়ের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছেন মুনতাহার বাবা। অবশেষে কাজাখস্তান সফরের পথ সুগম করে দেয়ায় কৃতজ্ঞ পরিবার।
মুনতাহার বাবা বলেন, ‘এটা যদি কোনোভাবে মিস হয়ে যেত তাহলে সে কখনওই এমন বিশ্বকাপে সুযোগ পেত না। এমন অবস্থায় আমিনুল ভাই যে আমাদের সহযোগিতা করেছে…..মানে এটা আমাদের আশা থেকে অনেক বেশি পাওয়া। আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে।’
খুদে এই দাবাড়ু একদিন গ্রান্ড মাস্টারের খেতাব অর্জন করবে এমনটাই প্রত্যাশা তার পরিবারের।





