রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই ব্যক্তি ফার্মগেট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু তাঁর মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
বিয়ারিং প্যাড হলো সেতু বা উড়ালপথ নির্মাণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যার প্রধান কাজ হলো উড়ালপথের কাঠামোর ওপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটির গভীরে সঞ্চারিত করা। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হচ্ছে। এই ধরনের দুর্ঘটনা প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।





