শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা : উপদেষ্টা ফাওজুল কবির

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা : উপদেষ্টা ফাওজুল কবির
ছবি: সংগৃহীত

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পথচারীর পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের কর্মক্ষম সদস্যকে মেট্রোরেলে চাকরির দেওয়া হবে। রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান এই ঘোষণা দিয়েছেন।

সড়ক উপদেষ্টা বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব গ্রহণ করবে। প্রাথমিকভাবে আর্থিক সহায়তা ছাড়াও, যদি পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকেন, তবে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

তিনি আরও জানান, আহতদের খোঁজখবর নিতে তিনি পরবর্তীতে হাসপাতালে যাবেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন।

ফাওজুল কবির বলেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওপর থেকে ভারী ধাতব বস্তুটি ওই ব্যক্তির মাথায় আঘাত হানলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান যা সেতু বা উড়ালপথের কাঠামো থেকে আসা চাপ পিলারের মাধ্যমে মাটিতে সঞ্চারিত করে। বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি এই প্যাডগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই ধরনের বিয়ারিং প্যাড ব্যবহার করা হচ্ছে।

মন্তব্য করুন:

channel muskan ads