হৃদরোগে আক্রান্ত হয়ে নাট্যকার ম হামিদ এবং অভিনেত্রী ফাল্গুনী হামিদের ৪৩ বছর বয়সী পুত্র প্রান্তর জ্যোতি হামিদ মারা গেছেন। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রান্তরের আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ তাদের সম্মানিত আজীবন সদস্য ম হামিদ ও ফাল্গুনী হামিদের পুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক ফরিদুল হাসান এক শোকবার্তায় প্রান্তরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রান্তর হামিদ দুই পুত্রসন্তানের জনক ছিলেন।
উল্লেখ্য, ম হামিদ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী ফাল্গুনী হামিদ অভিনয় ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তাদের কন্যা তনিমা হামিদও একসময় অভিনয় জগতে পরিচিত মুখ ছিলেন।





