ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনের (রূপনগর-পল্লবী) ধানের শীষের অভিভাবক আমিনুল হক এলাকাবাসীর মধ্যে সংবাদপত্র পাঠের সংস্কৃতি ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই অভিনব প্রচেষ্টার অংশ হিসেবে তিনি স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ‘পত্রিকা সাইনবোর্ড’ স্থাপন করেছেন, যেখানে এলাকার সাধারণ মানুষ প্রতিদিন বিনামূল্যে দৈনিক পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছেন।
সকালে এই সাইনবোর্ডগুলোতে তাজা সংবাদপত্র ঝুলিয়ে দেওয়া হয় এবং সারাদিন ধরেই পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সেখানে দাঁড়িয়ে দেশের ও বিদেশের খবর পড়েন ও নিজেদের মধ্যে আলোচনা করেন। মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে যেখানে মানুষ আসল তথ্য থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে আমিনুল হকের এই উদ্যোগকে এলাকাবাসী উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, “বর্তমান সময়ে যেখানে সবাই মোবাইলে আসক্ত এবং ভুল তথ্যের ছড়াছড়ি, সেখানে এমন একটি উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান বৃদ্ধি এবং সচেতনতা তৈরিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এটি আমাদের মনকে আরও সজাগ করবে এবং সুস্থ আলোচনার পথ খুলে দেবে।”
আমিনুল হক তার এই উদ্যোগের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “আমি চাই মানুষ আবার সংবাদপত্র পড়ার অভ্যাসে ফিরে আসুক। একটি সচেতন এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা – এটাই আমার মূল লক্ষ্য।”
রাজনৈতিক এবং সামাজিক উভয় অঙ্গনেই তার এই জনমুখী প্রচেষ্টা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের উদ্যোগ নাগরিকদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটাবে এবং তথ্যপ্রাপ্তির সংস্কৃতিকে আরও বেশি শক্তিশালী ও গ্রহণযোগ্য করে তুলবে। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ শুধু তথ্যই পাবে না, বরং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সামাজিক সচেতনতাও বৃদ্ধি পাবে। আমিনুল হকের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।





