বিনোদন জগতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। দর্শক ও সমালোচকদের কাছে তার চরিত্রটি বিশেষভাবে আলোচিত হয়েছে। ছোটপর্দা এবং ওটিটি সিরিজেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন এবং বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।
তবে সম্প্রতি নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন বিনোদন পাড়ায় বেশ আলোচিত হচ্ছে। এতদিন এ বিষয়ে কেউ প্রকাশ্যে কথা না বললেও, অবশেষে প্রথমবারের মতো মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাদিয়া আয়মান। সেখানে একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে তাকে জিজ্ঞেস করা হয়, “নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন— আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন?” এমন প্রশ্ন শুনে মুচকি হেসে কিছুটা লজ্জিত ভঙ্গিতে সাদিয়া আয়মান বলেন, “যা রটে, তার কিছু হলেও ঘটে।”
এরপর উপস্থাপক জানতে চান— তাহলে বিষয়টি কি সত্যি? উত্তরে অভিনেত্রী বলেন, “আমি ব্লাশ করছি—এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই— আমারও ভালো লাগে।”
সাদিয়া আয়মান আরও বলেন, “ভবিষ্যতে কী হবে, সেটি একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।” যদিও নিজের অনুভূতি তিনি খোলামেলা প্রকাশ করেছেন, তবে নির্মাতা রেদওয়ান রনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।





