রাজধানীর লালবাগ এলাকায় এক বিশাল শোডাউন করেছেন অস্ট্রেলিয়া (ভিক্টোরিয়া) বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মনি। তিনি ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য, প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে লালবাগ এলাকায় সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, লালবাগ এলাকাটি ঢাকা-৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত, যা চকবাজার, কোতোয়ালি, বংশাল, কামরাঙ্গীরচর ও লালবাগ নিয়ে গঠিত।
গণসংযোগ শেষে রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন, “আমার বড় ভাই, মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু ছিলেন এদেশের আপামর জনসাধারণের নেতা। তিনি শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল বিএনপির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীরা নাসির উদ্দিন পিন্টু ভাইয়ের জনপ্রিয়তা এবং আন্দোলন-সংগ্রামে তার বীরত্ব দেখে জেলখানায় অমানুষিক নির্যাতন করে তাকে হত্যা করেছে। আমার ভাই মরহুম নাসির উদ্দিন পিন্টুর হত্যার বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হতে হবে।”
রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, “ঢাকা-৭ আসনের সাধারণ মানুষের জন্য আমি কিছু করতে চাই। দল যদি আমার ওপর বিশ্বাস রাখে এবং আস্থা স্থাপন করে, তাহলে আমি নিশ্চিতভাবে এই ঢাকা-৭ আসনটি আমার অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।”





