আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান হাদিকে গুলি করে হত্যার অপচেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে তার সংগঠন। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিটি শুরু হয় বেলা ১২টার দিকে।
সমাবেশে সংহতি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো দেশের জন্য ক্ষতিকর উপাদানগুলোকেই নিজেদের মিত্র বানিয়েছে। এর খেসারত হিসেবে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা আজ ভুলুণ্ঠিত।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে আজাদীর সংগ্রাম চালিয়ে যাওয়া হবে এবং শরিফ উসমান হাদির আদর্শকে প্রতিটি পাড়া-মহল্লায় ছড়িয়ে দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাদি বাংলাদেশকে ইনসাফ বা ন্যায়বিচারের পথে পরিচালিত করতে চেয়েছিলেন। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই—আপনারা ক্ষুদ্র দলীয় স্বার্থ ও বাহাস পরিহার করে ‘জুলাই প্রজম্ম’ এবং উসমান হাদির ত্যাগের দিকে তাকান।’ এ সময় তিনি আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে সবাইকে একটি চূড়ান্ত ফয়সালায় পৌঁছানোর তাগিদ দেন।
সুশীল সমাজের সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদি যে লড়াই শুরু করেছিলেন, তা আমাদের অব্যাহত রাখতে হবে। যারা সুশীল সেজে আছে, তাদের কাছ থেকে চরিত্র বদলের আশা করা বৃথা।’ তিনি ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে নির্মূল করার আহ্বান জানান এবং স্পষ্ট করেন যে, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন বা আইকন রাখা হবে না।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, ‘গত এক বছরে রাজনৈতিক দলগুলো যা করতে ব্যর্থ হয়েছে—অর্থাৎ কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া, সেই কাজটি করতে গিয়েই আমার ভাই আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’ তিনি বলেন, হাদি ফিরে আসবেন এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলবেন। যারা এই হামলায় উল্লাস প্রকাশ করছে, তাদেরও নজরে রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ উসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।





