পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ‘বড় পরিসরে যুদ্ধ’ শুরু হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপাপটে তিনি এই মন্তব্য করেন।
আলোচনা রবিবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই শনিবার পাকিস্তানের শিয়ালকোট শহরে আসিফ সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। তবে, যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে “তাদের সঙ্গে আমাদের বিস্তৃত যুদ্ধ হবে।” তিনি যোগ করেন, “আমাদের কাছে বিকল্প আছে, কোনো চুক্তি না হলে, তাদের সঙ্গে আমাদের বিস্তৃত যুদ্ধ হবে।”
এর আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহার উভয় পক্ষের মধ্যে একটি প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি সূচিত হয়েছিল। সেই সংঘাতে বহু মানুষ নিহত ও আহত হয়েছিলেন।
আল জাজিরার প্রতিনিধি ইস্তাম্বুল থেকে জানিয়েছেন, তুরস্কে দুই পক্ষের মধ্যে ‘প্রায়োগিক স্তরের আলোচনা’ চলছে। আশা করা হচ্ছে, এই আলোচনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি স্থায়ী সমাধান আসবে। আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। পাকিস্তান তাদের প্রতিনিধি দল সম্পর্কে বিস্তারিত জানায়নি।
গত রবিবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে তা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই যুদ্ধ-হুঁশিয়ারি আলোচনাকে নতুন করে জটিল করে তুলছে।





