অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করা এবং পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছে। এই মামলার জেরে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকারের মাধ্যমে তিশাকে আইনি নোটিশ পাঠান। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসা এবং হোয়াটসঅ্যাপে এই নোটিশ পাঠানো হয় বলে ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে শাড়ির মূল্য পরিশোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অ্যাপোনিয়া’র নারী উদ্যোক্তাকে নিয়ে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তানজিন তিশা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।
এরপর, বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মো. আমিনুল ইসলাম বাদী হয়ে সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫ দায়ের করেন।
মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ অপরাধ আমলে নেওয়ার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্রুতই তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে জানা গেছে।
এদিকে, এই অভিযোগের বিষয়ে তানজিন তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন যে, ওই শাড়িটি নাকি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
সূত্র : যুগান্তর





