জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা, যিনি সম্প্রতি শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন, এবার এক নতুন বিতর্কে জড়িয়েছেন। এক নারী উদ্যোক্তার অভিযোগের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। অভিযোগ উঠেছে, একটি শাড়ির প্রচারণার বিনিময়ে শাড়ি গ্রহণ করেও তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেননি।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের সঙ্গে যোগাযোগ করে জামদানি শাড়ি দেখতে চান। কয়েকটি শাড়ির ছবি ও দাম পাঠানোর পর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং তার বাসার ঠিকানা দেন। তখন ওই ফ্যাশন পেজ থেকে তাকে জানানো হয় যে শাড়িটির জন্য তাকে কোনো অর্থ পরিশোধ করতে হবে না; বরং শাড়িটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পেজ ও শাড়িটির প্রচারণা করলেই হবে। তিশা এই প্রস্তাবে রাজি হন এবং যথাসময়ে শাড়িটি তার কাছে পৌঁছে দেওয়া হয়।
কিন্তু শাড়ি হাতে পাওয়ার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেছেন ওই নারী উদ্যোক্তা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অবশেষে এই বিতর্কের মুখে নীরবতা ভেঙেছেন তানজিন তিশা।
নিজের ফেসবুক পোস্টে তিনি রসিকতার ছলে নিজেকে ‘প্রতারক’ উল্লেখ করে লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’
অভিনেত্রীর এই স্পষ্টবাদী মন্তব্য মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা তার পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যা এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে।





