বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক বলেছেন, বিএনপি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বিত বিকাশের মাধ্যমে গড়ে তুলতে চায়। আমাদের লক্ষ্য হলো, শিশুরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় বিকশিত হতে পারে।
বুধবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলানির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে, বরং খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।
নারী শিক্ষায় বিএনপির অতীত অবদানের কথা স্মরণ করে আমিনুল হক বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল। নারী শিক্ষার বিস্তারে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল সমাজ আজও পাচ্ছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা প্রত্যেক উপজেলায় ‘মিনি স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা সারা দেশের প্রতিটি উপজেলায় ইনডোর ফ্যাসিলিটিসসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তুলতে চাই। খেলাধুলা জাতিকে সুস্থ ও শক্তিশালী করে তোলে, তাই এর বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
প্রত্যেক ওয়ার্ডে মাঠ এবং বয়স্কদের জন্য হাঁটার পথ সুবিধার বিষয়ে আমিনুল হক বলেন, আমাদের মহানগরে ১০০টি ওয়ার্ড আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে। মাঠগুলো সরকারিভাবে অধিগ্রহণ করে খেলার উপযোগী করা হবে। মাঠের চারপাশে বয়স্কদের জন্য হাঁটার পথ থাকবে, যেন তারা বিকেলে সুন্দর পরিবেশে সময় কাটাতে পারেন। আমরা চাই তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক।





