অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিযুক্ত সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যেই এই মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল, যা আজ মঙ্গলবার শেষ হচ্ছে।





