জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর, আদালতের নির্দেশে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং বাংলা সিনেমার পরিচিত খলনায়ক ডনসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলাটি নথিভুক্ত হয়। মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ আরও কয়েকজন রয়েছেন। এছাড়াও, অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের নামও এজাহারে যোগ করা হয়েছে।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন, যার প্রেক্ষিতেই নতুন করে মামলা দায়ের করা হলো।





