বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

সালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক এবং বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান সোমবার (২৭ অক্টোবর) রমনা মডেল থানার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্তে ব্যাঘাত ঘটবে। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা জরুরি।

এর আগে গত ২০ অক্টোবর, সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের পর ওইদিনই মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন আদালত মামলার এজাহার গ্রহণ করেন এবং আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সামিরা হক ছাড়াও এই মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন: সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর ২৯ বছর পরও এই রহস্য এখনো উন্মোচিত হয়নি, যা ঢাকাই সিনেমার ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads