সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নিজের বাসভবনে হামলার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই। বরং বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে, যা আমাদের জন্য উদ্বেগের কারণ।”
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রায় এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। তিনি আরও যোগ করেন, “অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে। যারা এমন চেষ্টা করছে, তারা সফল হতে পারবে না।”
এর আগে, রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা এমন একটি তথ্য পেয়েছি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যদিও এই ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।





