মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে দাপ্তরিক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন। ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই চুক্তি স্বাক্ষর করেছিল।
তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনো এই চুক্তিতে যোগ দিতে দ্বিধাগ্রস্ত। সম্প্রতি সিবিএস’র ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিশ্বাস প্রকাশ করেছেন যে, সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।
ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের বৈঠকে মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিন সালমানের সফরের সময় দুই দেশ এমন একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে। রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্সের সফরে কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, নিজেদের নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি এবং আরও উন্নত মার্কিন অস্ত্রের দাবি জানিয়েছে সৌদি আরব। দীর্ঘদিনের মিত্র হিসেবে সৌদি আরব মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। চলতি বছরের মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের একটি অস্ত্র বিক্রির চুক্তিতে সম্মতি জানায়।





