আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় হেফাজতে থাকা ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলাগুলো আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম ও খুনের অভিযোগ ঘিরে।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে সেনা কর্মকর্তাদের জামিন আবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মখচুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার এবং কর্নেল কেএম আজাদ।
জানা গেছে, এই দুটি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে; একটিতে ১৭ জন এবং অন্যটিতে ১৩ জন। উভয় মামলাতেই শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত রয়েছে। আটককৃত ২৩ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোর থেকেই হাইকোর্টের মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইলসহ ট্রাইব্যুনাল সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।





